মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ
কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের অভিযোগে করিমউল্লাহ (৩৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকে এ ঘটনা ঘটে।
দায়িত্বশীল সূত্র জানায়, লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে করিমউল্লাহকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে টহলরত সদস্যরা তাকে আটক করেন।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ২৪ নম্বর ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে করিমউল্লাহকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত করিমউল্লাহ (৩৭) লেদা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৬৩৩৫৮। তিনি মোহাম্মদ গবুরের ছেলে।
এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।