চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা গ্রামে এক শিক্ষক পরিবারের ওপর অস্ত্রধারীর বর্বর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোঃ বেলাল নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
পরিবার জানায়, ঘটনার সময় শিক্ষক বেলাল ও তার ছেলে স্থানীয় মসজিদে তারাবীর নামাজ আদায় করছিলেন। সেই সুযোগে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার পর গলায় থাকা স্বর্ণের হার ও কানে থাকা দুলসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
আহত গৃহবধূকে পরিবার প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বেলাল জানান, “আল্লাহ বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আমার স্ত্রীকে যেভাবে কোপ দেওয়া হয়েছে, তা প্রচণ্ড নির্মম। পরিবার এখন মারাত্মক মানসিক বিপর্যয়ে আছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। জুলুমকারীর হেদায়েত ও সঠিক বিচার চাই।
তিনি আরও অভিযোগ করেন, “একজন দুর্বল বান্দার পরিবারের ওপর এমন হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই দুশমনদের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি। না হলে কেউ নিরাপদ নয়।”
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুততম সময়ে হামলাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।