মোঃ সুজন আহমেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
সড়কে নিরাপত্তা, শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে রাজশাহীতে অটোরিকশা, চার্জার রিকশা ও মোটরসাইকেল চালক-মালিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। এ সময় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক ও মালিকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এর মধ্যে রয়েছে যত্রতত্র পার্কিং ও উল্টো পথে যানবাহন না চালানো, নির্ধারিত রং ও বিধি মেনে যানবাহন পরিচালনা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা।
এ ছাড়া মোটরসাইকেলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করা, চালক ও আরোহীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত আরোহী বহন না করা এবং মাদক সেবন করে যানবাহন না চালানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় চালকদের উদ্দেশে বলা হয়, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে প্রত্যেক চালককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও আইন মানতে উৎসাহিত করতে হবে।
এদিকে, বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কর্মশালায় অংশ নেওয়া চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।
কর্মশেষে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।