রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত নেতাসহ ৭ জন নেতাকর্মী। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
গত সোমবার (১২ অক্টোবর) সারের ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা লঙ্ঘন ও দলীয়করণের অভিযোগ এনে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে বিক্ষোভ করেন এনসিপি ও সমমনা দলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরবর্তীতে সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলার এজাহারভুক্ত ৭ নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করলেন।