ঢাকা–১৮ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা জসিম উদ্দিন নূরী শনিবার দক্ষিনখান ও উত্তরখান থানার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জনসমক্ষে তাঁর ঘোষিত যুগোপযোগী ১৮ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
গণসংযোগে অংশ নিয়ে জসিম উদ্দিন নূরী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ঢাকা–১৮ আসনকে একটি মানবিক, নিরাপদ ও আধুনিক আসনে রূপান্তর করতেই এই ১৮ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।”
তিনি বলেন, ইশতেহারে ন্যায়ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, আইটি সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট হাব প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।
এ সময় তিনি দক্ষিণখান ও উত্তরখান এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে ভাতা কার্যক্রম চালুর কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
১৮ দফা ইশতেহারের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে—ঢাকা–১৮ আসনে একটি সরকারি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদার, পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন, যানজট হ্রাস এবং ডিজিটাল সেবা সম্প্রসারণ।
এলাকাবাসীর উদ্দেশে জসিম উদ্দিন নূরী আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের সংসদ গড়তে নিয়মিত গণশুনানি ও খোলা অফিস কার্যক্রম চালু করা হবে, ইনশাআল্লাহ।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব সৈয়দ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ, দাওয়াহ সম্পাদক বুলবুল মোমেনশাহী, ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের জয়েন্ট সেক্রেটারি কাজী আবু তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগকে কেন্দ্র করে দক্ষিনখান ও উত্তরখানের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩